
মো. সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের ৩৫ ঘণ্টা পর ১১ মাস বয়সী শিশু নাফিজকে অলৌকিকভাবে উদ্ধার করেছে পুলিশ। শিবগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক ও প্রযুক্তিভিত্তিক অভিযানে শিশুটিকে সুস্থ অবস্থায় পিতা-মাতার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই অপহরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে স্বামী ও স্ত্রীসহ দুইজনকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী চাঁদপুর গ্রামের মো. রুবেল আলি ও মোসা. নিপা খাতুনের ১১ মাসের শিশু নাফিসকে বোরখা পরিহিত স্থানীয় বাসিন্দা সুজিয়ারা বেগম অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর শিবগঞ্জ থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়।
মামলা পাওয়ার পর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমানের নেতৃত্বে এবং এসআই সৌরভসহ সংগীয় পুলিশ ফোর্সের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে।
বিকেল প্রায় ৩টার দিকে শিবগঞ্জ বাজার এলাকা থেকে মূল অভিযুক্ত মোসা. সুজিয়ারা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত সুজিয়ারা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৭:৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। সেখানকার একটি ভাড়া করা তিনতলা বাসা থেকে অপহৃত শিশু নাফিসকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
একই স্থান থেকে সুজিয়ারা বেগমের বর্তমান স্বামী মো. মানিকুজ্জামানকেও পুলিশ গ্রেপ্তার করে।
বুধবার সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান জানান:
“শিশুটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তার পিতা-মাতার নিকট হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি স্বামী-স্ত্রীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
প্রযুক্তিভিত্তিক নজরদারি ও শিবগঞ্জ থানা পুলিশের দ্রুত পদক্ষেপে একটি নিষ্পাপ শিশু ফিরে পেল তার মায়ের কোল।#