
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: “করব কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর পোরশায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আজ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সকাল ১০:০০ ঘটিকায় এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও জনবহুল এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের নেতারা জানান, সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা তৈরি এবং মশার বিস্তার রোধে তাদের এই সামাজিক ও জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত কার্যক্রমে পোরশা উপজেলা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, রাকিব, আব্দুল জব্বার আলী এবং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইকবাল হাসান চৌধুরী প্রমুখ।#