
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পোরশায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) ও প্রস্তুতকৃত চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং অপর একজন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাকতাপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযানে অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার মাদক ব্যবসায়ী সনতেশ রায় (৩৫) ও নিতাই হরিজনের (৩৫) মাকতাপুর আদিবাসী পাড়ার নিজ নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ছোট-বড় চারটি প্লাস্টিকের জারকিন থেকে সর্বমোট ৫০০ লিটার চোলাই মদ তৈরির ওয়াশ এবং ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও উপকরণ উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।
এ ঘটনায় আটক সনতেশ রায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, ঘটনার পর থেকে পলাতক অপর অভিযুক্ত নিতাই হরিজনকে আটকের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক সমাজ থেকে পুরোপুরি দূর করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে তিনি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।#