
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে মাদরাসা শিক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনেছেন স্থানীয়রা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষকের নাম নারায়ণ চন্দ্র (৫০)। তিনি উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর হিন্দুপাড়া গ্রামের মৃত অবিনাশ চন্দ্রের ছেলে এবং ওই বিদ্যালয়ের ধর্মের শিক্ষক হিসেবে ২৫ বছর ধরে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নারায়ণ চন্দ্রের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে কটূক্তিপূর্ণ একটি চিত্রপত্র (ফটোকার্ড) প্রকাশ করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে বুধবার সকালে কয়েকজন বাসিন্দা ও শিক্ষার্থী স্কুলে গিয়ে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
তবে ওই শিক্ষকের ফেসবুক আইডি ঘুরে এ ধরনের কোনো পোস্ট দেখা যায়নি। সেখানে বুধবার সকালে নিজের ছবি এবং তিন দিন আগে শিশুদের খেলার একটি ভিডিও দেখা গেছে। আটক চিত্রপত্রটির নিচে ‘মহিউদ্দিন মোহাম্মদ’ নামে একজনের নাম লেখা রয়েছে।
ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খাতুন জানান, এর আগেও নারায়ণ চন্দ্রের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছিলেন। তখন তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে আবার একই ঘটনা ঘটলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে, পরে পুলিশকে খবর দেওয়া হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, “স্থানীয়দের দাবির মুখে শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।#