
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপ, একটি বাইসাইকেল এবং দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ৫৯ ব্যাটালিয়নের (রহনপুর ব্যাটালিয়ন) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি ভোররাতে সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বারিক বাজার এলাকায় পরিচালিত হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বাইসাইকেলসহ ১১০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।

পরবর্তীতে ভোর সাড়ে ৫টার দিকে একই টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে ২টি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও টায়ারের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।#