
বিশেষ প্রতিনিধি , রাজশাহী: রাজশাহীর বাঘায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি রাসেল মিঞাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল মিঞা বাঘা উপজেলার চাকিপাড়া গ্রামের আনসার আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত।
সন্ত্রাস বিরোধী আইনে মামলা ও অভিযোগ :মামলার বিবরণ অনুযায়ী, গত ২১ জুন ২০২৬ তারিখ সন্ধ্যায় বাঘা থানার বাউসা ইউনিয়নের ধন্দহ সরকারপাড়া এলাকায় আব্দুস সামাদ ডাক্তারের বাড়ির সামনের পাকা রাস্তায় আসামিরা জড়ো হয়। গ্রেপ্তারকৃত রাসেল মিঞাসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করছিল। তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার চেষ্টা করে।
এ ঘটনায় বাউসা ইউনিয়নের ওয়ার্ড সেক্রেটারি আনিসুর রহমান বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৬(৬)২৬)।
পুলিশের বক্তব্য: বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, “মামলাটি দায়ের করার পর থেকেই আসামি রাসেল ঢাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে নিজ এলাকায় ফিরে আসলে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিগত প্রায় অর্ধযুগ ধরে দায়ের হওয়া আরও ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।”
গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#