
বিশেষ প্রতিনিধি: বাঘা ও পার্শ্ববর্তী অঞ্চলের বরেণ্য শিক্ষক এবং ইংরেজি সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক নূরুল ইসলামের ৩য় প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা, দোয়া মাহফিল ও বিশেষ স্মারক পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বাদ মাগরিব মরহুমের নিজ বাসভবন—বাঘার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম অধ্যাপক নূরুল ইসলামের বড় ছেলে, নাট্যকার ফিরোজ আহমেদ শিমুল সরকার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য সংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বাবু সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
আব্দুল লতিফ মিয়া (আহ্বায়ক, বাঘা প্রেসক্লাব)
আব্দুস সামাদ (সাবেক অধ্যক্ষ, আব্দুল গনি কলেজ)
আবু তালেব (অবসরপ্রাপ্ত শিক্ষক, বাঘা সরকারি কলেজ)
এমদাদুল হক (প্রধান শিক্ষক, গড়গড়ি হাইস্কুল)
সাইফুল ইসলাম বাচ্চু (প্রধান শিক্ষক, সরেরহাট বালিকা উচ্চবিদ্যালয়) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মরণ সভায় বক্তারা আবেগঘন স্মৃতিচারণ করে বলেন, অধ্যাপক নূরুল ইসলাম পোশাক-আশাক ও চলাফেরায় অত্যন্ত সাধারণ এবং সাদামাটা জীবনযাপন করতেন। দায়িত্ব ও কর্তব্যে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক ও ইংরেজির পণ্ডিত হিসেবে তিনি শিক্ষক-শিক্ষার্থী সকলের কাছে সমান প্রিয়ভাজন ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে অধ্যাপক নূরুল ইসলামের স্মৃতি রক্ষার্থে ‘সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাস্টার মশাই’ শীর্ষক ৪ পৃষ্ঠার একটি বিশেষ ট্যাবলয়েড পত্রিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ অক্টোবর ৮৫ বছর বয়সে পরলোকগমন করেন অধ্যাপক নূরুল ইসলাম। তিনি বাঘার শাহদৌলা কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরের কলেজে তিনি কখনো বাইসাইকেলে, আবার কখনো পায়ে হেঁটে যাতায়াত করতেন।#