
মোস্তাফিজুর রহমান লিটন: চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।
অনুষ্ঠানের শুরুতে তিনি পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ গড়ুন’ স্লোগানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, “প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। একটি সুন্দর, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে।”
তিনি আরও বলেন, “শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রোপণের পর গাছের নিয়মিত পরিচর্যা, পানি দেওয়া এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই এই বৃক্ষরোপণ কর্মসূচির সুফল পাওয়া সম্ভব হবে।”
বক্তব্য শেষে ডিআইজি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং পুলিশ লাইন্স কম্পাউন্ডে নিজ হাতে একটি চারা রোপণ করেন।
এ কর্মসূচিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁপাইনবাবগঞ্জের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#