
লিয়াকত হোসেন, রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সিএন্ডবি রোডে ঝড়ে একটি বড় গাছ ভেঙে পড়ে মূল সড়ক বন্ধ হয়ে যায়। শুক্রবার (২৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে। এতে সড়কের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাজশাহী ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ১৮ মিনিটে গাছ ভেঙে রাস্তা বন্ধ হওয়ার খবর পায় তারা। সংবাদ পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যে অর্থাৎ ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বিকেল ৪টা ২৫ মিনিট থেকে উদ্ধারকারী দল গাছ কাটার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে নেন। বিকেল ৪টা ৫৫ মিনিটে সড়কটি পুনরায় যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টার নিরলস চেষ্টায় রাস্তা সচল করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
উদ্ধার অভিযানের বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী দলনেতা লিডার মো. মতিউর রহমান জানান, আকস্মিক ঝড়ে গাছটি উপড়ে পড়ে রাস্তার পাশাপাশি বিদ্যুৎ লাইনের ওপর আঘাত হানে। এতে সাময়িকভাবে বিদ্যুৎ বিপর্যয় ও রাস্তা বন্ধ থাকলেও, দ্রুত টিম নিয়ে কাজ শুরু করায় বড় কোনো দীর্ঘমেয়াদি ভোগান্তি হয়নি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।#