
বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ঐতিহাসিক শাহদৌলা সরকারি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
বিশাল এই সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও নুরুজ্জামান খান মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোখলেছুর রহমান মুকুল, আব্দুল লতিফ, আফাজ উদ্দিন, যুবদল নেতা আব্দুস সালাম ও শফিকুল ইসলাম শফিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “৭ নভেম্বর আমাদের শিখায়—দেশ যখন সংকটে পড়ে, তখন দল-মত নির্বিশেষে জনগণের ঐক্যই দেশকে রক্ষা করতে পারে। সিপাহী ও সাধারণ মানুষ সেদিন কাঁধে কাঁধ মিলিয়ে প্রমাণ করেছিল যে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জাতি কখনো আপস করে না। আমাদের শপথ হোক—হিংসা-বিভেদ ভুলে দেশের স্বার্থে সর্বদা ঐক্যবদ্ধ থাকা।”
এদিকে, একই দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের প্রধানগণ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও, একই দিন সকালে শাহদৌলা সরকারি কলেজের উদ্যোগে প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পৃথক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।#