
নাহিদ, নিজস্ব প্রতিনিধি: হাতে ব্যাগ, পরনে নীল রঙের গেঞ্জি, আর মাথায় কালো ক্যাপ। গেঞ্জির পেছনে স্পষ্ট অক্ষরে লেখা— ‘আলোকিত বাংলার স্বপ্নযাত্রা, আমরা করব জয়’। আর মাথায় পরা ক্যাপে লেখা রয়েছে তাদের মূল উদ্দেশ্যের কথা— ‘সেতুর দাবিতে দেশ ভ্রমণ’।
গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের দাবি, বালাসী ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি সেতু নির্মাণ। এই সেতু নির্মিত হলে ওই অঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আসবে। এলাকাবাসীর এই প্রাণের দাবি সরকারের নজরে আনতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ৭০ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাবা এবং তার ৪০ বছর বয়সী উদ্যোক্তা ছেলে। তাদের মূল লক্ষ্য—গাইবান্ধা থেকে হেঁটে রাজশাহী ও খুলনা বিভাগ হয়ে ঢাকা গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি পেশ করা।
যে সিদ্ধান্ত, সেই কাজ! গত ১৬ আগস্ট রংপুর বিভাগের গাইবান্ধার বালাসী ঘাট থেকে পায়ে হেঁটে তাদের এই দীর্ঘ যাত্রা শুরু হয়। হাঁটার ১৬তম দিনে ১৩তম জেলা হিসেবে তারা এসে পৌঁছান খুলনায়। রূপসা উপজেলা সদরের কাজদিয়া বাজারে তাদের সঙ্গে কথা হলে এই লং মার্চের বিস্তারিত উদ্দেশ্য জানান তারা।
অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তা বলেন, “আমার বয়স ৭০ বছর। জীবনের এই প্রান্তে এসে এলাকার মানুষের জন্য কিছু একটা করার প্রবল ইচ্ছা জাগে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই আমরা দুই বাবা-ছেলে মিলে এই ভিন্নধর্মী লং মার্চ করছি।”
হাঁটতে হাঁটতে তাদের এই যাত্রা এখন ঢাকা অভিমুখী। গাইবান্ধার লাখো মানুষের স্বপ্নপূরণে বাবা-ছেলের এই অবিচল হেঁটে চলা স্থানীয়দের মাঝে বেশ কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।#