
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এসব নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টার সময় নগরীর কাজিহাটায় নিসচার কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ লক্ষ্মীপুর মোড় ও সিঅ্যান্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে র্যালিতে অংশ নেওয়া সদস্যরা সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বাড়ানোর জোর আহ্বান জানান।
র্যালি শেষে নিসচার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু এবং সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্য বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; বরং চালক, যাত্রী ও পথচারী—সবার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। ট্রাফিক আইন নিখুঁতভাবে মেনে চলা, সড়কে নির্ধারিত গতিসীমা অনুসরণ করা এবং সাধারণ শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার (আবিদ), দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণাবিষয়ক সম্পাদক শিউলী আকতার জেমি, প্রকাশনা সম্পাদক আসমানি খাতুন আঁখি, কার্যনির্বাহী সদস্য ডা. মো. মনিরুল হক ও আব্দুস শাহীদসহ রাজশাহী জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা পর্বের সমাপ্তিতে নিসচার প্রতিষ্ঠাতা প্রয়াত জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত এবং সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে নিসচা জেলা সভাপতি তৌফিক আহসান টিটুর নেতৃত্বে নগরীর ব্যস্ততম লক্ষ্মীপুর সড়কে পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডা. আবিদ, শিউলী আকতার জেমি, আসমানি খাতুন আঁখি, আব্দুস শাহীদ ছাড়াও নাফিজ খান, নাজমুল হাসান রোজেন, লাভলু চৌধুরী, আফ্রিদি, রাকা, পিন্টু, তুহিন খান, রাহাত, ইমন, সাফিয়া ও সিয়ামসহ আরও অনেকে সক্রিয়ভাবে অংশ নেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনসচেতনতা সৃষ্টিতে নিসচা রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।#