
মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও মোটরসাইকেলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম মো: মশিউর রহমান। তিনি ভোলাহাট উপজেলার তিলকীপাড়া গ্রামের জেমের ছেলে।
বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সোনামসজিদ বিওপির বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিজিবি সদস্যরা মশিউর রহমানকে আটক করে। পরে তার কাছ থেকে:
১টি পিস্তল
৪ রাউন্ড গুলি
২টি ম্যাগজিন
২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ম্যাগজিন ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ৪,৩৫,৮০০ টাকা বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত মশিউর রহমানকে গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।#