
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলুব্ধ করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার অভিযোগে দালাল চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাঁদের আটক করে এসআরবি-৫-এর একটি টিম।
অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্নভাবে প্রলুব্ধ ও প্রতারণা করে বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত চক্রটির সদস্যরা। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হতো।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আটককৃত সাতজনকে অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

এসআরবি-৫-এর মেজর কবির বলেন, “রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষা করা এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের অপতৎপরতা পুরোপুরি বন্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সাধারণ হাসপাতালে আসা রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#