
মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহী সীমান্তের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) রাত থেকে ভোর পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) পরিচালিত এসব অভিযানে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও অনুপ্রবেশ প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ৭ নভেম্বর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন বিদিরপুর বিওপি, চারঘাট বিকল্প বিওপি ও সোনাইকান্দি বিওপির আভিযানিক দল পৃথক স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়:
৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ৩৯০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ৬৩ বোতল ভারতীয় ব্রাণ কফ-সি সিরাপ, ৫৩ বোতল স্কাফ সিরাপ, ১০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৪ বোতল মনোড্রিল সিরাপ।
বিজিবি জানায়, জব্দ করা এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৬৬ হাজার টাকা। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, এ সব চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।#