
হামিদুর রহমান, তানোর (রাজশাহী): রাজশাহীর তানোরে তৃতীয় শ্রেণির ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরমান আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আরমান আলী উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গুচ্ছ গ্রামের মৃত সলেমানের ছেলে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাশের বানিয়াল গ্রাম থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এর আগে শনিবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে তানোর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে আড়াই বছরের ছোট ভাইকে নিয়ে নিজ ঘরে টেলিভিশন দেখছিল শিশুটি। এ সময় প্রতিবেশী আরমান আলী টিভি দেখার অজুহাতে তাদের ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শিশুটির মা ছাগল আনতে বাড়ির পাশের মাঠে গেলে ঘরে কাউকে না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়েন। পরে মা বাড়িতে ফিরলে শিশুটি ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানায়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মাতব্বররা সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা ও মীমাংসার চেষ্টা চালান। তবে ভুক্তভোগী পরিবার তা প্রত্যাখ্যান করলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে তানোর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেয়। পুলিশি উপস্থিতির টের পেয়ে ওই সময় অভিযুক্ত আরমান আলী গ্রাম ছেড়ে পালিয়ে যান।

পরদিন রোববার দুপুরে পাশের বানিয়াল গ্রামে আরমান আলীকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ফেলে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত আরমান আলী শিশুটিকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য বা তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়নি।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, “এ ঘটনায় তানোর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা নিবন্ধিত হয়েছে। প্রধান অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”#