
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং ‘প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম’-এর যৌথ উদ্যোগে সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রাজশাহী ডিভিশনীয় সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজশাহী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-বিভাগীয় প্রকৌশলী মোর্শেদ মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।
কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির। প্রশিক্ষণে বিষধর ও নির্বিষ সাপের পরিচিতি, সর্পদংশন প্রতিরোধ, সাপে কাটলে আধুনিক প্রাথমিক চিকিৎসা এবং লোকালয়ে আসা সাপ রেসকিউ, হ্যান্ডলিং ও নিরাপদ অবমুক্তকরণ বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একইসাথে পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখা ৫০টি তালগাছের চারা স্থানীয় হাউজিং এস্টেট মসজিদ প্রাঙ্গণে রোপণ ও বিতরণ করা হয়।#