
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে আবদুল বারী নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগে আমির হোসেন চন্দ্র (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত গভীর রাতে নগরীর আইডি বাগানপাড়া এলাকা থেকে রাজপাড়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার চন্দ্র হত্যা মামলার দুই নম্বর আসামি বলে নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
যেভাবে হামলার সূত্রপাত:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় পাশ্ববর্তী চন্ডিপুর এলাকার কিছু বখাটে টাকা ভাঙাতে বারীর দোকানে যায়। বারী টাকা ভাঙতি নেই জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র এবং পেট্রল বোমা নিয়ে বারীর দোকানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে বারীর বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভাঙে এবং পেট্রল বোমা মেরে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়।
দোকানে আগুনের খবর পেয়ে বারীসহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর গুরুতর আহত বারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশি পদক্ষেপ ও মামলা:
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহত বারীর স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে রোববার রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজহারভুক্ত ২০ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, মামলার দুই নম্বর আসামি হিসেবে চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।#