
জিয়াউল কবীর: জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সোমবার (২৬ অক্টোবর) পবা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি শফিকুল হক মিলন বলেন, “মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও যোগ করেন, “মাদক ও সন্ত্রাস শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে বিপন্ন করে তোলে। কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।”
সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, “উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা হবে।” অনিয়ম ও অপরাধের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
উক্ত সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#