
নাটোরের বনবেলঘড়িয়ায় বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০৬ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২১ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মমি আক্তার (৩৬) এবং সীমা আক্তার (২৮)। মমি আক্তারের পিতা মতলব ফকির ও মাতা আফরোজা বেগম। তার স্বামী গোলাম মোস্তফা এবং বর্তমান ঠিকানা নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন। অন্যদিকে সীমা আক্তারের পিতা মতলব ফকির ও মাতা আফরোজা বেগম এবং তিনি বর্তমানে সিংড়া পৌরসভার পেট্রোবাংলা এলাকায় বসবাস করেন। তাঁরা উভয়েই নাটোর জেলার সিংড়া থানার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে যে আসামিরা রাজশাহী থেকে হেরোইন সংগ্রহ করে সিংড়ার অজ্ঞাত এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী নাটোর সদর থানার বনবেলঘড়িয়া বাইপাস মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। এ সময় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের হেফাজত থেকে ১০৬ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্পেশাল র্যাব ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারী এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।#
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক-