
জাহিদুল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল, পূর্বের পোস্টপেইড মিটার পুনর্বহাল এবং বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি বন্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ গেট থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি গোদাগাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে বিক্ষোভ-সমাবেশে মিলিত হয়।
প্রতিবন্ধী সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন:
অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস – সভাপতি, নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ী এবং যুগ্ম আহ্বায়ক, বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি
নুরে আলম অহিদ – যুগ্ম সাধারণ সম্পাদক, গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ
সানমুন মধু ও সুমন আলী – সদস্য, নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি
সমাবেশে বক্তারা বিদ্যুৎ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ও হয়রানির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল করে পূর্বের পোস্টপেইড মিটার চালু করার জোর দাবি জানান।
আন্দোলনকারীদের প্রধান প্রধান দাবিগুলো হলো: ১. প্রিপেইড মিটার বাতিল ও পূর্বের পোস্টপেইড মিটার পুনর্বহাল। ২. বিদ্যুৎ গ্রাহক শোষণ ও সব ধরনের হয়রানি বন্ধ করা। ৩. সাশ্রয়ী মূল্যে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। ৪. বিদ্যুৎ খাত বেসরকারীকরণের তৎপরতা বন্ধ করা। ৫. বিদ্যুৎ সংকটের স্থায়ী ও জনবান্ধব সমাধান। ৬. বিদ্যুৎ খাতের অতীত ও বর্তমান দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা। ৭. বিদ্যুৎ গ্রাহকদের নামে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার।
সমাবেশে বক্তারা স্পষ্ট জানান, সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া কোনো বিদ্যুৎ ব্যবস্থা মেনে নেওয়া হবে না। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এই মশাল মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে সমগ্র গোদাগাড়ীতে বিদ্যুৎ গ্রাহক ও স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।#