
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ এবং আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) বিকেলে ভারতীয় পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় এবং শনিবার (২৮ নভেম্বর) রাতে পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদীঘি পূর্বপাড়া থেকে ভ্যানে করে সোনামসজিদ জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন জহির উদ্দিন সরদার নামে এক বৃদ্ধ। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে।
অন্যদিকে শনিবার (২৮ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট পল্লী বিদ্যুৎ অফিসের গেটের সামনে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিহাব (২৬) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শনিবার রাতে দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পাওয়ার টিলার জব্দ করা হয়েছে। পরদিন রোববার বিকেলে ভারতীয় পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুটি ঘটনাতেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।#