
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে পোরশা উপজেলা খাদ্য দপ্তরের আয়োজনে নিতপুর খাদ্য গুদামে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
পোরশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমিনুল কবীর জানান, এ বছর সরকারিভাবে প্রকৃত কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ করা হবে। চলতি মৌসুমে পোরশা উপজেলায় সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ করা হয়েছে:
আমন ধান: ৩৫ টাকা কেজি দরে মোট ৭৬৮ মেট্রিক টন।
আমন চাল: ৪৯ টাকা কেজি দরে মোট ৪৯৩ মেট্রিক টন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমিনুল কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (গামা), শিক্ষক মোঃ শরিফুল ইসলাম এবং নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ আব্দুল রাকিব, ক্ষুদ্র ঋণ প্রকল্পের ব্যবস্থাপক মাধব সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মাহমুদুল হক টিটু এবং নিতপুর ও সরাইগাছি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মোঃ জাকির হোসাইন।
স্থানীয় কৃষকদের মধ্যে মোঃ আব্দুল ওয়াদুদ (বিষ্ণুপুর), মোঃ আব্দুল বারিক (নিতপুর), মোঃ জসিমউদদীন ও মোঃ আজিমসহ খাদ্য গুদামের কর্মচারী, স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।#