
শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো: খুলনার পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বতঃস্ফূর্ত পরিবেশে ২টি বুথে ২৬৭ জন ভোটারের মধ্যে ২৬৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. আরাফাত হোসেন (আনারস) ২০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন (চেয়ার) পেয়েছেন ৫৩ ভোট। সহ-সভাপতি পদে মো. সোহেল রানা (ফুটবল) ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুচছাদাত (দোয়াত কলম) পান ১২৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. নাজমুল হোসাইন (কাপ-পিরিচ) ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাসেল শেখ (হরিণ) পেয়েছেন ৪৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মো. নাছিম মীর (মোরগ) ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জব্বার (আম) পান ১১৩ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে খায়রুল ইসলাম (টিউবওয়েল) ১৪৪ ভোট পেয়ে বিজয়ী হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম (গরুর গাড়ি) পান ১১৭ ভোট।
অন্যদিকে, বেশ কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন— সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার রায়, প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম গাজী, ক্রীড়া ও কল্যাণ সম্পাদক মো. রেজাউল শেখ এবং কার্যনির্বাহী সদস্য মো. মামুন ব্যাপারী ও মো. হালিম শেখ।

ভোট চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম দিদারসহ স্থানীয় রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ। সহযোগী কমিশনার হিসেবে ছিলেন প্রধান শিক্ষক মো. হায়দার আলী ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন মো. লুৎফর রহমান, কবির হোসেন ও নাঈম হাসান। আইন-শৃঙ্খলা রক্ষায় রূপসা থানার এসআই নাজমুল হুদার নেতৃত্বে একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।#