
প্রতারক মো. আরিফুল ইসলাম (লিটু)
মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক (শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ): ভালো কোম্পানিতে চাকরি, নিশ্চিত কর্মসংস্থান ও সৌদি আরবে বৈধভাবে কাজ করার স্বপ্ন দেখিয়ে বিদেশগামী অসহায় মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক দালালের বিরুদ্ধে। অভিযুক্ত মো. আরিফুল ইসলাম (লিটু) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের মফিজুলের ছেলে। মিষ্টি কথার ফাঁদে ফেলে সাধারণ মানুষকে প্রবাসে নিয়ে গিয়ে চরম প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি মানুষের টাকা আত্মসাৎ করে আত্মগোপনে রয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার আগে ভালো কোম্পানিতে চাকরির শতভাগ নিশ্চয়তা দেওয়া হলেও দেশটিতে পৌঁছানোর পর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন রূপ নেয়। ভালো কোম্পানির কথা বলে সেখানে নিয়ে অনেককে বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে কাজ দেওয়া হয়। ফলে ইকামা জটিলতা, কাজ না পাওয়া এবং ৩-৪ মাস ধরে বেতন না পেয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন প্রবাসীরা। আরিফুল কৌশল করে একাধিক ব্যক্তিকে বিদেশে পাঠালেও তাদের কোনো নির্দিষ্ট ও ভালো কোম্পানিতে চাকরি দিতে পারেননি। বেতন না পাওয়ায় একদিকে কর্মসংস্থানের সংকট, অন্যদিকে বৈধ অবস্থান নিয়ে দুশ্চিন্তায় প্রবাসীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
পরিবারের সচ্ছলতা ফেরাতে ধারদেনা, জমি বিক্রি ও চড়া সুদে ঋণ নিয়ে প্রবাসে পাড়ি জমান এসব অসহায় মানুষ। অথচ দালাল আরিফের সাজানো আশ্বাসের কারণে আজ তাদের স্বপ্ন ভেঙে চুরমার। বিশ্বাস অর্জনের জন্য আরিফ পূর্বে পাঠানো কোনো এক ব্যক্তির সফলতার গল্প সামনে আনলেও, বাস্তবে সেখানে গিয়ে ভুক্তভোগীরা পড়েন প্রতারণার ফাঁদে।
শুধু চাকরি বা ইকামা সংকটই নয়, দুরবস্থা নিয়ে মুখ খুললে ভুক্তভোগীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। প্রতিকার চেয়ে কয়েকজন ভুক্তভোগী ইতোমধ্যে জেলা লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেছেন। তবে অভিযোগের পর একাধিকবার তারিখ নির্ধারণ করা হলেও দালাল আরিফ উপস্থিত হননি এবং লিগ্যাল এইড কর্মকর্তার ফোনও রিসিভ করেননি।
এ বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। অসহায় দিনমজুর মানুষ যেন আর কখনো এমন ভণ্ড প্রতারকের ফাঁদে না পড়েন, সেজন্য প্রশাসনের কড়া নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।#