
আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অপবাদ তুলে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) ভোরে উপজেলার সুবর্ণাবাদ ও নাজিরের ঘের এলাকায় পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের মৃত মাহতাব উদ্দিন খানের ছেলে মোক্তার হোসেন খান (৫৩) এবং নাজিরের ঘের গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে আসাদুল ইসলাম মোল্যা (৪৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে পরিচালিত পুলিশের একটি চৌকস দল শুক্রবার রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সুবর্ণাবাদ এলাকা থেকে মোক্তার হোসেন খানকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ভোর ৫টা ১০ মিনিটে অপর একটি স্থানে অভিযান চালিয়ে আসাদুল ইসলাম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালেই তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম নামে ওই যুবককে পিটিয়ে হত্যা করার নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের ভাই আব্দুল জলিল সানা বাদী হয়ে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে ঘটনার মূল রূপকার ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।
নিহতের ভাই আব্দুল জলিল সানা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, “হত্যাকাণ্ডের ঘটনার শুরু থেকেই পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়ার পরপরই অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামিসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।#