
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, ক্লাবের অর্থ আত্মসাৎ এবং গঠনতন্ত্রবিরোধী ‘পাল্টা কমিটি’ গঠন করে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেম উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক এস.এম আমীর হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ পুলস্থ প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত মোসলেম উদ্দিন ও এস.এম আমীর হোসেন টানা পাঁচ বছর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাদের দায়িত্বপালনকালে ক্লাবের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিভিন্ন আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ক্লাবের নতুন কমিটির বিরুদ্ধে চক্রান্ত এবং কয়েকজন সদস্যের চরিত্রহননের উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য তথ্য ছড়িয়ে প্রশাসন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে মো. কবির হোসেন সভাপতি এবং সোহেল রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে নতুন কমিটি গঠনের পর থেকেই বহিষ্কৃত নেতারা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানামুখী অপপ্রচারে লিপ্ত হন। সর্বশেষ গত ১৪ অক্টোবর মোসলেম উদ্দিনকে সভাপতি ও এস.এম আমীর হোসেনকে সাধারণ সম্পাদক করে একটি ১১ সদস্যের অবৈধ ‘পাল্টা কমিটি’ ঘোষণা করা হয়, যা প্রেস ক্লাবের গঠনতন্ত্র সম্পূর্ণ বিরোধী।
জরুরি সভায় উপস্থিত সদস্যরা অভিযুক্তদের এমন অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের শৃঙ্খলা ও পেশাগত সুনাম রক্ষায় তাদের বহিষ্কারের পাশাপাশি আত্মসাকৃত অর্থ উদ্ধারে খুব শীঘ্রই আইনি পদক্ষেপ নেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেনের (দৈনিক সংবাদ) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রহমানের (দৈনিক দেশ রূপান্তর) পরিচালনায় উক্ত জরুরি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইমাম হাছান (যুগান্তর), সহ-সভাপতি রিপন মাহমুদ আকাশ (নয়া দিগন্ত), ফারুক হোসেন (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম (প্রাইম টিভি), যুগ্ম সম্পাদক এস. কে. মাসুদ রানা (বিজনেস বাংলাদেশ), লতিফ আহমেদ আকাশ (দৈনিক বাংলা), অর্থ সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক এইচ এম আমজাদ হোসেন মোল্লাসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।#