
শহিদুল্লাহ আল আজাদ: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই। তাঁর এই আকস্মিক ইন্তেকালে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি, কার্যনির্বাহী পরিষদসহ সারাদেশের সাংবাদিক সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়, মর্যাদা রক্ষা ও সার্বিক কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। সংগঠনটিকে সুসংগঠিত করতে এবং প্রান্তিক সাংবাদিকদের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরতে তাঁর ভূমিকা ও অবদান বিএমএসএস পরিবার সর্বদা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর প্রয়াণে সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিএমএসএস কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সংগঠনের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ বলেন, “শোক প্রকাশের কোনো ভাষা আমাদের জানা নেই। আজ সাংবাদিক সমাজ একজন উজ্জ্বল নক্ষত্র ও বিশ্বস্ত অভিভাবককে হারালো।”

সংগঠনের মহাসচিব সগীর আহমেদ গভীর শোক প্রকাশ করে বলেন, “খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যু বিএমএসএস পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। মফস্বল সাংবাদিকতার বিকাশে তাঁর অবদান অনন্য।”
তিনি আরও বলেন, “মহান আল্লাহ তাআলা যেন মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় কষ্ট সহ্য করার তাওফিক দান করেন, আমিন।”
বিএমএসএস পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।#