
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ভাদার্তী এলাকায় জমি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধের জেরে থানায় লিখিত অভিযোগ করেছেন মো. সুজন মিয়া। তিনি মৃত সেলিম মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুজন মিয়ার ক্রয়কৃত জমি নিয়ে তার চাচাতো ভাই মো. সোহাগ মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছে। সুজনের দাবি, তিনি জমি ক্রয় করে খারিজ সম্পন্ন করলেও প্রায় ৫০ শতাংশ জমি সোহাগ মিয়া জবরদখলের চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি। এ ঘটনায় সুজন মিয়া গত ২০ আগস্ট ২০২৬ কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষের জমির কাগজপত্র যাচাই করা হয়েছে। যাচাইয়ে সুজন মিয়ার দাবিকৃত জমির অংশে সোহাগ মিয়ার রান্নাঘর রয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। সোহাগ বর্তমানে বিদেশে থাকায় তার স্ত্রী শিল্পী বেগমকে জমির কাগজপত্রসহ থানায় ডেকে পাঠানো হয়।

অভিযোগকারী সুজন মিয়া বলেন, “আমি জমি ক্রয় করে খারিজ করিয়েছি। কিন্তু আমার প্রায় ৫০ শতাংশ জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় অভিযোগ করেছি। প্রশাসনের কাছে আমার জমি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।
অন্যদিকে অভিযুক্ত সোহাগ মিয়ার স্ত্রী শিল্পী বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, সুজনের বাবা ও তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ভোগদখল নিয়ে বিরোধ রয়েছে। তিনি দাবি করেন, তারাও জনব আলী ও নিয়ত আলীর কাছ থেকে জমি কিনেছেন। দুই পক্ষের জমি সঠিকভাবে পরিমাপ করে সমানভাবে বুঝিয়ে দেওয়া হলে তিনি বিরোধপূর্ণ অংশ ছেড়ে দিতে রাজি আছেন।
এ বিষয়ে অভিযোগের তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভুক্তভোগী সুজন মিয়া দ্রুত বিরোধের সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।#