
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: “আমার হাত, আমাদের ভবিষ্যত”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর ভবনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন এবং হিসাব রক্ষক ইশ্রাফিল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা এবং নানা ধরনের রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।#