
পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পুলিশ ও স্থানীয় জনতার যৌথ তৎপরতায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার আত্রাই বাজার এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানার একটি টিম আত্রাই বাজার এলাকায় নাইট ডিউটি তদারকিতে নিয়োজিত ছিল। এ সময় একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় প্রথমে চোর চক্রের সদস্য মো. আবু বক্কর সিদ্দিক (১৪) নামের এক কিশোরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আবু বক্কর সিদ্দিক আত্রাই উপজেলার দারিয়া গাথি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চক্রের সহযোগী আসামী মো. সাদিকুল ইসলাম সাজু (২৩)-কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলাম রাজশাহী জেলার বাগমারা উপজেলার বারুইপাড়া গ্রামের মো. বাবু মণ্ডলের ছেলে। অভিযানকালে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আত্রাই থানায় পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা রুজু করে গ্রেপ্তারকৃত উভয় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আত্রাই উপজেলায় সব ধরনের অপরাধ ও চুরি-ছিনতাই রোধে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। পুলিশ ও স্থানীয় সচেতন জনতার তাৎক্ষণিক সহায়তায় আমরা চোরাই মোটরসাইকেলসহ আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অপরাধীদের বিরুদ্ধে আত্রাই থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।#