
রূপসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রূপসা উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এই সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এসকে আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “বিএনপি সরকার সবসময় শিক্ষা, গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশ গঠনের রাজনীতিতে বিশ্বাসী। শিক্ষা একজন শিক্ষার্থীকে শুধু প্রাতিষ্ঠানিক সনদ অর্জনে সহায়তা করে না, শিক্ষা জ্ঞান, বিবেক, মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে।”
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, সমাজ গঠন ও দেশকে এগিয়ে নেওয়ার প্রধান শক্তি। তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে।
সভাপতিত্ব ও অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি খান আহমেদুল কবীর চাইনিজ। সম্মানিত অতিথির বক্তৃতা করেন অত্র অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ শাহ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, বিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, সাবেক অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, খান মারুফুল হক, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক বেলাল হোসেন, বিএনপি নেতা রবিউল ইসলাম রবিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়।#
নাহিদ জামান, নিজস্ব প্রতিবেদক, রূপসা (খুলনা) প্রেরিত-