
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে জমিতে পোয়া ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়া গৃহবধূ হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে এলিট ফোর্স র্যাব-৫। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ছায়াতদন্ত ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মোঃ রবিউল মূলী (৫০) নামে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আভিযানিক দল।
গ্রেফতারকৃত রবিউল মূলী নাটোর জেলার বড়াইগ্রাম থানার মাঝগাঁও এলাকার মৃত তাজল মূলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ সকালে গুরুদাসপুর থানার নাজিরপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের পাইলের বিলে পোয়া ঘাস কাটতে যান ভুক্তভোগী গৃহবধূ। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন আসামি রবিউল মূলীকে ওই মাঠ থেকে তাড়াহুড়ো করে চলে যেতে দেখেন।
পরবর্তীতে ভুক্তভোগী নারী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মাঠে খোঁজ নিতে যান। অনুসন্ধানের একপর্যায়ে মাহমুদপুর গ্রামের একটি আবাদি ধানি জমিতে কলাপাতায় ঢাকা ও কাদার নিচে চাপা দেওয়া অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-৫, রাজশাহী সিপিসি-২ (নাটোর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল দ্রুত ছায়াতদন্ত শুরু করে। এরপর আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামি রবিউল মূলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রবিউল উক্ত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নাটোরের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#