
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪২) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) ভোর চারটার দিকে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন বাটিকামারা এলাকার শহিদুলের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে অভিযুক্তরা এর আগেও বিভিন্ন সময় তাদের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।
অভিযুক্তদের মধ্যে সদকী ইউনিয়নের বাটিকামারা মসজিদ পাড়া এলাকার জনে শেখের ছেলে মোমিনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
নিহতের মা আলেয়া খাতুন জানান, ঘটনার দিন সোমবার ভোর ৪টার দিকে মোমিনের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল তাদের বাড়িতে এসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে এগিয়ে গেলে অভিযুক্ত আকরাম নিহত নাসিমা খাতুনকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তার পুত্রবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এক নজরে ঘটনার সংক্ষেপ:
ঘটনার স্থান: বাটিকামারা এলাকা, সদকী ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া
নিহত: নাসিমা খাতুন (৪২), স্বামী- শহিদুল
প্রধান অভিযুক্ত: মোমিন (পিতা: জনে শেখ)
পদক্ষেপ: ময়নাতদন্ত সম্পন্ন ও জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ মৃত্যুর এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#