
COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ ও এলাকার মুখ উজ্জ্বল করেছেন নওগাঁর কৃতী সন্তান মামুনুর রেজা স্বাধীন। তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (COP31) ব্লু জোনে বাংলাদেশের প্যাভিলিয়নে এই বিশেষ মুহূর্তের সৃষ্টি হয়।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যাভিলিয়ন পরিদর্শনে এলে সেখানে উপস্থিত বাংলাদেশি প্রতিনিধিরা এক অনন্য ক্ষণের সাক্ষী হন। এ সময় তরুণ জলবায়ুকর্মী হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নওগাঁর নজিপুরের সন্তান মামুনুর রেজা স্বাধীন প্রধানমন্ত্রীর বুকে সশ্রদ্ধভাবে বাংলাদেশের কোট পিন পরিয়ে দেন।
আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়নে দেশের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন জাতীয় উদ্যোগ এবং পরিবেশবান্ধব উন্নত পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং উপস্থিত কর্মকর্তা ও প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কুশল ও মতামত বিনিময় করেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশ্বজুড়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে তরুণ জলবায়ুকর্মী হিসেবে মামুনুর রেজা স্বাধীনের এমন দৃপ্ত উপস্থিতি এবং অবদান দেশের তরুণ প্রজন্মের কাছে এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে।
নজিপুরের এই কৃতী সন্তানের এমন অর্জনের খবরে তার জন্মস্থান নওগাঁ জেলাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চরম আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।#
# পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি প্রেরিত-