
রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
বুধবার (১১ নভেম্বর) রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর আয়োজনে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।
সভায় রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং থানা পর্যায়ে পুলিশি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মীর আশরাফ আলী থানায় আগত সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের সঙ্গে মানবিক, সৌজন্যমূলক ও পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুততম সময়ে মানসম্মত পুলিশি সেবা প্রদান করতে হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে হবে এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে তৎপর থাকতে হবে।
সভায় উপস্থিত অফিসার ইনচার্জদের (ওসি) নিজ নিজ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়।
মতবিনিময় সভায় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ রেঞ্জ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী