
মোস্তাফিজুর রহমান লিটন: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর ও পবা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। রোববার সকালে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
অনুষ্ঠানে এমপি মিলন বলেন, “দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই যুবক, তাই দেশ গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য। যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘ইতিহাসের রাখাল রাজা’ ও মহান দার্শনিক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, তাঁর মধ্যে অগাধ দেশপ্রেম ছিল। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে তিনিই প্রথম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার বৈপ্লবিক কর্মসূচিতে যুব সমাজকেই প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন।
দেশের অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা করার তাগিদ দিয়ে এমপি মিলন আরও বলেন, খাল কাটা, গাছ লাগানো, মাছ চাষ এবং গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মতো উদ্যোগে জোর দিতে হবে। অর্থনীতিকে শক্তিশালী করার এই কার্যক্রমে যুব সমাজই সবচেয়ে বেশি কর্মক্ষম।
নিজের নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করে তিনি বলেন, ইশতেহারে কর্মসংস্থানের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বিভিন্ন জাতীয় দিবস ও মন্ত্রণালয়ের মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। এ সময় তিনি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
দক্ষ ও পারদর্শী যুবকদের সরকারিভাবে পুরস্কৃত করার কথা উল্লেখ করে তিনি জানান, গত বছর মোহনপুরের একজন এই পুরস্কার পেয়েছিলেন এবং আজও একজন রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। তিনি পরিবারের সন্তানদের কাজের প্রতি উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পবা ও মোহনপুর উপজেলার ইউএনও, মাঠকর্মী এবং অন্যান্য কর্মকর্তাদের আরও উদ্যোগী হওয়ার নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “তিনি কাজ করতে পছন্দ করেন এবং দেশের যুব সমাজ তাঁর কাছে অত্যন্ত প্রিয়।”
এর আগে মোহনপুর ও পবা উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।
মোহনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অন্যদিকে, পবা উপজেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা।#