
# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদ মহানগরে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত নওগাঁর আত্রাই উপজেলার অবশিষ্ট চার প্রবাসী শ্রমিকের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) নিজ নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় স্বজনরা লাশ গ্রহণের উদ্দেশ্যে ঢাকায় পৌঁছান। শনিবার সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহবাহী গাড়ি শনিবার বিকেলে আত্রাইয়ে নিজ নিজ গ্রামে পৌঁছালে পুরো এলাকা জুড়ে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া এই চার প্রবাসী হলেন— উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ (২৫), মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাছ প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক (৩০), মাধবপুর গ্রামের মজনুর ছেলে মাসিদুল সরদার সজীব (২৫) এবং সাধননগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী (২৬)।
নিহত হাসিবুল হাসান শুভর মা হেলেনা বেগম শোকে ভেঙে পড়ে বলেন, “মৃত্যুর আগের দিন শুক্রবার দুপুরে ছেলের সাথে শেষ কথা হয়েছিল। সংসারের ঋণের টাকা পরিশোধ করা নিয়ে কথা বলেছিল সে। কিন্তু সেই ঋণ আর শোধ হলো না। ঋণের বোঝা মাথায় নিয়ে ছেলের এই মর্মান্তিক বিদায় মেনে নেওয়া আমাদের জন্য কঠিন। সংসারের অভাব মোচন ও এই ঋণ পরিশোধে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহযোগিতা কামনা করছি।”
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “অগ্নিদুর্ঘটনায় আত্রাই উপজেলার ১১ জন রেমিট্যান্স যোদ্ধাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। পূর্বে আসা ৭ জনের জানাজা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একত্রে সম্পন্ন করা হয়েছিল। এবার ঢাকা থেকে শেষ ৪ জনের মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। আমরা সাধ্যমতো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, গত ৮ আগস্ট বাংলাদেশ সময় বিকেল ৩টায় সৌদি আরবের রিয়াদ মহানগরীর শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় বাংলাদেশি পরিচালিত একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ জন বাংলাদেশি শ্রমিক মারা যান, যাদের মধ্যে ১১ জনই ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার। গত ২৮ আগস্ট ৭ জনের মরদেহ দেশে আনা হলেও ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে বিলম্ব হওয়ায় বাকি ৪ জনের মরদেহ গতকাল দেশে পৌঁছে।#