
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: মাদকের ভয়াল আগ্রাসন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় রংপুরের বদরগঞ্জ উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দিবাগত রাত একটার দিকে বদরগঞ্জ উপজেলার খোদ্দ বাগবাড়ি মিশনপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বদরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আটক মাদক ব্যবসায়ী কার্তিক রাউতের কাছে ৩০০ গ্রাম এবং কালু রাউতের কাছে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. কার্তিক রাউত (৩০), পিতা: শ্রী সহদর রাউত, সাং- খোদ্দ বাগবাড়ি মিশনপাড়া।
২. শ্রী কালু রাউত (৫০), পিতা: শ্রী ভাগি রাউত, সাং- খোদ্দ বাগবাড়ি মিশনপাড়া।
এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জাহিদ সরকার জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#