
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সংগীত পরিবেশনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উদীচীর জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সাধারণ পাঠাগার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সাংস্কৃতিক চর্চার প্রসার, অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা, আমিরুল মোমিনিন জীবন ও রবিউল ইসলাম ডলারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পী ও সংগঠনের কর্মীরা গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।#