
মোস্তাফিজুর রহমান লিটন: ‘আখ চাষ করুন, চিনিকল বাঁচান’ প্রতিপাদ্য এবং ‘কাজ নাই, মজুরি নাই’ উদ্যোগকে সামনে রেখে রাজশাহীর পবায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে পবার হরিয়ান ট্রেনিং কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে ‘মাসুম-ভাদু ঐক্য পরিষদ’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, “চিনিকলগুলো আমাদের জাতীয় সম্পদ, আর আখ চাষিরা হলেন এই শিল্পের প্রাণ। আপনাদের ঘাম ও কঠোর পরিশ্রমে এই শিল্প আজও টিকে আছে। আমি কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য পাওনা আদায়, বকেয়া পরিশোধ এবং আমাদের চিনিকলগুলোকে বাঁচাতে আমি সবসময় আপনাদের পাশে থাকব।”
তিনি কৃষকদের আশ্বস্ত করে আরও বলেন, “আপনারা নির্ভয়ে আখ চাষ করুন, আমরা আপনাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করব। আখের ন্যায্যমূল্য নির্ধারণ ও সময়মতো মূল্য পরিশোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও সুখে-দুঃখে যেকোনো লড়াই-সংগ্রামে আমাকে আপনাদের পাশেই পাবেন।”
অনুষ্ঠানের সভাপতিত্ব ও উপস্থিতি:
রাজশাহী চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদ রানা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ভাদু-এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শাখা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম।
এছাড়াও আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—সামসুজ্জামান সুরুজ, চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, মাছুমা আক্তার জাহান, ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী সুগার মিলস, আলী হোসেন, আহ্বায়ক, পবা উপজেলা বিএনপি, জায়েদ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশন ও হাজী মোঃ নূরুল ইসলাম, প্রধান উপদেষ্টা, মাসুদ-ভাদু ঐক্য পরিষদ।
সভায় বক্তারা দেশের চিনিকলগুলো রক্ষা এবং আখ চাষিদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ও একাধিক দাবি উত্থাপন করেন।#