
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: পণ্য খালাসের অপেক্ষায় থাকা ভারতীয় ট্রাকচালক ও তাঁদের সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থানের নতুন নির্দেশনাকে কেন্দ্র করে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ। এর ফলে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বন্দর এলাকায় অচলাবস্থা বিরাজ করছে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, ভারত থেকে পণ্য নিয়ে বন্দরে প্রবেশের পর সাধারণত খালাসের অপেক্ষায় থাকা ট্রাকচালক ও সহকারীরা রাতে ভারতে ফিরে যেতেন। তবে রাতে বাংলাদেশে প্রবেশের সময় তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং অতীতে এ ধরনের ঘটনায় বেশ কয়েকজন আটকও হয়েছেন।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থানের কড়া নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এই নির্দেশনার প্রতি আপত্তি জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় পক্ষ সোনামসজিদ স্থলবন্দরে সব ধরনের পণ্যবাহী ট্রাক পাঠানো সম্পূর্ণ বন্ধ রেখেছে।
হঠাৎ করে পণ্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে সাময়িক স্থবিরতা নেমে এসেছে। তবে উদ্ভূত এই পরিস্থিতি দ্রুত নিরসনে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কখন নাগাদ পণ্য সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।#