
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির (২০২৫-২০২৬ অর্থ বছর) আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে পোরশা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাদক ও বিভিন্ন সামাজিক নেশা থেকে দূরে থেকে নিজেদের জীবনের মানোন্নয়ন ও শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার রহমান সুপি শাহ
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান
নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, আর্থিক অনুদানের চেক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।#