
রাজশাহী ডেস্ক:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও সংলগ্ন ঈদগাহ মাঠ পরিদর্শনের পাশাপাশি সার্বিক উন্নয়নকাজের নির্দেশনা দিয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায় শেষে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
মসজিদ উন্নয়ন ও এলাকা সংস্কারের প্রতিশ্রুতি
পরিদর্শনকালে মসজিদ পরিচালনা কমিটি ওযুখানা নির্মাণ এবং অবকাঠামোগত রংকরণসহ বিভিন্ন সংস্কারের দাবি জানায়। রাসিক প্রশাসক সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান ও নাগরিক সুবিধার মান উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় পাশে রয়েছে।”
একই সাথে কাদিরগঞ্জ এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের টেকসই উন্নয়নে প্রকৌশল বিভাগকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। পরিদর্শনের এক পর্যায়ে মসজিদ ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দড়িখরবোনা ঈদগাহ মাঠ সম্প্রসারণের নির্দেশ
পরবর্তীতে রাসিক প্রশাসক কাদিরগঞ্জ দড়িখরবোনা ঈদগাহ মাঠ পরিদর্শনে যান। সেখানে স্থানীয় মুসল্লি ও ঈদগাহ কমিটি মাঠ সম্প্রসারণের আবেদন জানালে তিনি প্রকৌশল বিভাগকে তাৎক্ষণিক নকশা ও পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।

উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ
পরিদর্শনকালে স্থানীয় বিভিন্ন প্রতিনিধি ও রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন:
মসজিদ ও ঈদগাহ কমিটি: মসজিদ কমিটির সভাপতি মাসুদুর রহমান নিলু, সাধারণ সম্পাদক তারেক হাসান, খতিব হাফেজ মাওলানা আফতাব আহম্মেদ; ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম, সহ-সভাপতি নাজমুল ইসলাম আয়নাল এবং সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম রিয়াসুল।
রাসিক কর্মকর্তা: নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন এবং উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।#