
মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ মোঃ প্রিন্সেল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি-৫), রাজশাহী।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে এবং অপরাধ দমনে এসএআরবি-৫ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত ২০:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস এ পার্সেল সার্ভিসেস লিমিটেড হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করার জন্য একজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসএআরবি-এর একটি অভিযান দল দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ প্রিন্সেল ইসলামকে (পিতা- মোঃ নাজমুল হক, সাং-রসুনচক, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ) হাতে-নাতে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ২৮ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়।
পরবর্তীতে আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।#