
সাইফুল ইসলাম শান্ত, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া এলাকা থেকে মাটির নিচে পুঁতে রাখা ১২টি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর ওপর খোদাই করে স্পষ্টাক্ষরে লেখা রয়েছে—‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) স্থানীয়রা মাটির নিচে খননকাজের সময় হঠাৎ গ্রেনেডগুলোর সন্ধান পান। বিষযটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা বেষ্টনী তৈরি করে উদ্ধার কাজ পরিচালনা করেন।
উদ্ধার হওয়া গ্রেনেডগুলো পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, এগুলো বহু পুরোনো আমলের। গ্রেনেডগুলোর গায়ে ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কিংবা তারও আগের কোনো সময়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।
দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকলেও গ্রেনেডগুলো এখনো সক্রিয় বা ঝুঁকিপূর্ণ রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।#