
বিশেষ প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাঘায় এনজিওর কিস্তির টাকা দেওয়া-নেওয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে জুসি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত জুসি খাতুন ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর ইউনিয়নের নিমতলা গ্রামে তার বাবার বাড়ি। জুসি খাতুন ও জহুরুল দম্পতির জিহাদ (৮) ও জয়েন (দেড় বছর) নামে দুই শিশু সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে এনজিওর কিস্তির টাকা নিতে প্রতিনিধি বাড়িতে আসেন। এ সময় টাকা দেওয়া-নেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চরম বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে ঘর থেকে হাঁসুয়া এনে স্ত্রীর গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান জুসি খাতুন।
জহুরুলের বাবা আনছার আলী ও মা জায়মা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিস্তির টাকা দিতে না পারায় তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে এই ঝগড়া ও হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্ত্রীকে হত্যার পর রক্তমাখা হাঁসুয়া হাতে নিয়ে জহুরুল পার্শ্ববর্তী এক চায়ের দোকানে গিয়ে বসে আত্মতৃপ্তির সুরে বলেন, “আজ থেকে আমি স্বাধীন।” স্থানীয় চা দোকানদার রফিকুল ও ফরহাদ ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।
কোর্দ্দ বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য রিমেল আলী জানান, মূলত এনজিওর কিস্তির টাকা নিয়ে পারিাবরিক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত স্বামী জহুরুলকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#