1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা দেবহাটা থানা-পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান সাহেব আলীসহ গ্রেপ্তার ২

ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহীতে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ বিষয়ক কর্মশালায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

জিয়াউল কবীর:ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও সাধারণ মানুষের হয়রানি দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেছেন, জমি নিয়ে বিরোধ ও জটিলতার কারণে দেশের বহু পরিবার নিঃস্ব হচ্ছে। সাধারণ মানুষকে ভূমি অফিসে গিয়ে যেন হয়রানি ও ভোগান্তির শিকার হতে না হয় এবং কোনো অসহায় কৃষক বা নাগরিক যেন ন্যায্য ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সমন্বিত সিস্টেমে হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইকরণের বাস্তবায়ন (ইনসেপশন ওয়ার্কশপ) বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

সাড়ে আট কোটি জমির নথি ডিজিটালাইজেশন কর্মশালায় ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে জানান, দেশের ৬৪টি জেলায় প্রায় ৮ কোটি ৫২ লাখ জমির নথি (খতিয়ান ও হোল্ডিং রেকর্ড) ডিজিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানসম্মত যাচাই প্রক্রিয়া ও ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে এ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। নির্ভুল জমির নথি রাজশাহীর কৃষক, পরিবার ও নারী ভূমিমালিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি বিরোধ নিষ্পত্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নাগরিকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি ভূমিমন্ত্রীর নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে ভূমিমন্ত্রী মিনু বলেন, ইউএনও, এসিল্যান্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও অসহায় কৃষকদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি ভূমিদস্যুরা যেন কোনোভাবেই প্রশ্রয় না পায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

দায়িত্ব পালনে জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, কাজে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হলে তা স্বীকার করে সংশোধনের মানসিকতা থাকতে হবে। প্রত্যেক কর্মকর্তাকে নিজের দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে এবং মানুষের সেবা করার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে।

স্বচ্ছ নিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা মন্ত্রণালয়ে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার উদাহরণ তুলে ধরে ভূমিমন্ত্রী জানান, সম্প্রতি কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় প্রায় ৫৫৭ জন কানুনগো নিয়োগ দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে। ইউএনডিপির সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ-এর মাধ্যমে ভবিষ্যতে জনগণের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার এবং ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, শুধু ভূমির তথ্য ডিজিটাইজ করলেই হবে না, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, যাচাই করা এবং নিয়মিত হালনাগাদ করাও জরুরি। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় ও পেশাদারিত্ব বজায় রেখে নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ উদ্যোগকে দূরদর্শী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জমিসংক্রান্ত জটিলতা ও দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়, রাজশাহী জেলা প্রশাসন ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট