
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: রাজশাহী মহানগরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে রাজশাহী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও রাজশাহীর সংসদ সদস্য মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের ১০ জন সফল খামারিকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা), রাজশাহী রেঞ্জ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মোঃ শামীম হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ ফারুক হোসেন, রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর রাজশাহী বিভাগের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী এবং রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আতোয়ার রহমান।
র্যালি ও এবারের প্রতিপাদ্য অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”।
প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যমান সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।” প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভা ও খামারিদের সেবা সম্প্রসারণের দাবি আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণের মধ্যে সীমদ্ধ রাখলে চলবে না; বরং আন্তর্জাতিক বাজারের চাহিদা ও মানদণ্ড অনুসরণ করে উন্নতমানের প্রাণিজ পণ্য উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ খাতের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময় থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়টিও বক্তারা তাঁদের বক্তব্যে তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সরকারের পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে খামারিদের জন্য উন্নত চিকিৎসা, পরামর্শ ও আধুনিক সেবা সহজলভ্য করা জরুরি। বিশেষ করে গবাদিপশু ও অন্যান্য প্রাণীর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা ভেটেরিনারি সেবা চালুর প্রয়োজনীয়তা রয়েছে। এ লক্ষ্যে প্রাণিসম্পদ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি এবং প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা সম্প্রসারণের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, খামারি, উদ্যোক্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের উৎসাহিত করা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণিজ পণ্যের রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।#