
আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা-পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলী (৩৫) এবং একই উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত মাওলা বক্স গাজীর ছেলে তুহিন রহমান (৪০)।
আসামিদের পরিচয় ও পটভূমি জানা গেছে, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ওরফে সাহেব আলী নওয়াপাড়া ইউনিয়নের কামিনীবসু গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি বর্তমানে উপজেলার সাংবাড়িয়া এলাকায় বসবাস করছেন।
অভিযান ও মামলার তথ্য পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানা-পুলিশ-এর একটি আভিযানিক দল শনিবার (২৮ নভেম্বর) রাত দেড়টার দিকে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে গত ২০২৪ সালের ২৯ আগস্ট দেবহাটা থানায় দায়েরকৃত একটি মামলার (মামলা নং-০৬) এজাহারনামীয় আসামি হিসেবে সাহেব আলী ও তুহিন রহমানকে গ্রেপ্তার করা হয়।
আদালতে প্রেরণ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#